চবি প্রতিনিধিঃ ২০২১-২২ অর্থবছরে ৩৬০ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে ৩৩তম বার্ষিক সিনেট অধিবেশন এ বাজেট ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে বাজেট পেশ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।
মোট বাজেটের মধ্যে ৩৩১ কোটি ৮১ লাখ টাকা দেবে ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য নিজস্ব আয় থেকে আসবে ২০ কোটি টাকা। এছাড়া ৮ কোটি ৯৮ লাখ টাকা ঘাটতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
অনুমোদিত বাজেটে প্রতি বছরের মতো এবারও সর্বোচ্চ ২৩০ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বেতন ভাতা খাতে, যা মোট বাজেটের ৬৪ শতাংশ। মোট বাজেটের ১ দশমিক ৫২ শতাংশ ৫ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে গবেষণা খাতে।
পণ্য ও সেবা বাবদ সহায়তা হিসেবে ৫৫ কোটি ৪৪ লাখ, পেনশন ও অবসর সুবিধা হিসেবে ৫৫ কোটি ৩ লাখ, যানবাহন বাবদ অনুদান ২ কোটি ৬৫ লাখ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অনুদান ১ কোটি ২৫ লাখ ও চিকিৎসা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫৬ লাখ টাকা।
এ সময় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আগামী অর্থবছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ভৌত অবকাঠামো উন্নয়নের দিকে গুরুত্বারোপ করে সকল পরিকল্পনা তৈরি করেছে। তাছাড়া এবারের বাজেটে হচ্ছে গবেষণা খাতে আগের থেকে আরো বেশি বরাদ্দ রাখা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান। এছাড়া বিশ্বিবদ্যালয়ের সিনেট সদস্য ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালযের প্রক্টরসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

















