বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে : প্রধানমন্ত্রী

238

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিচারহীনতার একটি সংস্কৃতি দেশে চালু করা হয়েছিল। সে অবস্থার একমাত্র পরিবর্তন করতে পেরেছি যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসেছি তখন। সেখানে অনেক বাধা অনেক কিছুই আমাদের মোকাবিলা করতে হয়েছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই বিচারকের সাহসী পদক্ষেপের জন্য।

Advertisement

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্মিত ১২তলা ভবন ‘বিজয়-৭১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যারা আপনজন হারিয়েছিলাম, আমাদের কোনো অধিকার ছিল না বিচার চাওয়ার। এমনকি আমি বাংলাদেশে ফিরে এসে মামলা করার চেষ্টা করেছি। কিন্তু মামলা করতে দেওয়া হয়নি। কারণ ইন্ডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হয়েছে খুনিদের।

সরকারপ্রধান বলেন, নিম্নআদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিচারহীনতা থেকে বাংলাদেশকে মুক্ত করতে পেয়েছি।

অনুষ্ঠানে দেশের অগ্রযাত্রায় বিচার বিভাগের ভূমিকা তুলে ধরে সরকারপ্রধান বলেন, আমি কৃতজ্ঞতা জানাই আমাদের হাইকোর্ট-সুপ্রিম কোর্টের প্রতি, উচ্চ আদালতই রায় দিয়ে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করে দিয়েছেন। সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল যে অবৈধ সে রায় তারা দিয়েছেন, এ জন্য আমি ধন্যবাদ জানাই।

তিনি বলেন, পাকিস্তান আমলে আমরা দেখেছি এ ধরনের অনিয়ম। যেমন- আইয়ুব খান একাধারে সেনাপ্রধান আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা দখল করেছিল। তারই পদাঙ্ক অনুসরণ করে জেনারেল জিয়াউর রহমান যাকে খন্দকার মোস্তাক ১৫ আগস্টের পর সেনাপ্রধান নিয়োগ করে এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ ছিল তারা। তারা ষড়যন্ত্র করেই জাতির পিতাকে হত্যা করেছিল।

শেখ হাসিনা বলেন, জিয়া সেনাপ্রধান আবার একাধারে রাষ্ট্রপতি। এই অনিয়ম করতে গিয়ে সে সেনা আইন যেমন ভঙ্গ করে আবার সংবিধানকেও পদদলিত করে এবং মার্শাল ল জারি করে। তারই পদাঙ্ক অনুসরণ করে আবার জেনারেল এরশাদ ক্ষমতা দখল করেন। এই ক্ষমতা দখলের পালা যখন চলছে তখন বাংলাদেশে একের পর এক ক্যু হতে থাকে। প্রায় ১৯-২০টি ক্যু হয়েছে এই দেশে। এর খেসারত দিয়েছে আমাদের সেনাবাহিনী, বিমানবাহিনীর অফিসার ও সৈনিকরা, রাজনৈতিক নেতাকর্মীরা আর আমাদের দেশের মানুষ।

প্রধানমন্ত্রী বলেন, কাজেই বাংলাদেশে ন্যায়বিচারের পথ বন্ধ করে দিয়ে এই সমস্ত খুনি যারা জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করেছে, শিশু ও নারীদের হত্যা করেছে, তাদের বিচার না করে ইমডেমনিটি অর্ডিনেন্স জারি করা হয়েছিল, যার মাধ্যমে খুনিদের পুরস্কৃত করে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়া হয়েছিল, নির্বাচন করার অধিকার দেয়া হয়েছিল। যুদ্ধাপরাধী যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন সে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়ে যারা কারাগারে বা সাজাপ্রাপ্ত তাদেরকে মুক্তি দিয়ে এদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিল জিয়াউর রহমান। তার স্ত্রী খালেদা জিয়াও সেই একই কাজ করেছিল। সেই যুদ্ধাপরাধীরাই ছিল ক্ষমতায়।

তিনি বলেন, যে আদর্শ যে চেতনায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই আদর্শ-চেতনা ভূলুন্ঠিত হয়ে গিয়েছিল। আমি মনে করি এই একটি রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়েছে। সেই সাথে আমি এবং আমরা যারা ১৫ আগস্ট আপনজন হারিয়েছিলাম আমাদের কোনো অধিকার ছিল না বিচার চাওয়ার। এমনকি আমি বাংলাদেশে ফিরে এসে মামলা করার চেষ্টা করেছি, কিন্তু করতে দেয়া হয়নি।

জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার কথা জানান তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। তিনি বলেন, ‘জাতির পিতা সারাজীবন সংগ্রাম করেছেন এ দেশের মানুষের জন্য। কাজেই আমাদেরও সেটাই লক্ষ্য গণতন্ত্রকে সুরক্ষিত করে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশের মানুষ যেন ন্যায় বিচার পায়, মানুষের আর্থ- সামাজিক উন্নতি যেন হয় সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, ’৯৬ সালে যখন আমরা সরকারে এসেছি সাথে সাথে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যে আমাদের বিচার বিভাগ আরও শক্তিশালী হবে এবং বিচার বিভাগ আমাদের ’৭২ সালের যে সংবিধান, যে সংবিধানে জাতির পিতা বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে গেছেন তা যেন কার্যকর হয়। আমাদের সরকারই সংবিধানের ১১৬ অনুচ্ছেদ কার্যকর করার পদক্ষেপ নিই।

সরকারপ্রধান বলেন, বিচার বিভাগের জন্য আলাদা বাজেট বরাদ্দ করা, আর্থিক ব্যবস্থাপনার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করা, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার লক্ষ্যে প্রয়োজনীয় বিধিমালা প্রণোয়নের উদ্যোগ আমরা নিয়েছি। উচ্চ আদালতে ড্রাফটের জন্য আলাদা কোনো কাঠামো বা কিছুই ছিল না, সেটার জন্য আমরা উদ্যোগ নিই। ড্রাফটিংয়ের যে কম্পিউটাররা এটা আমরা নিজেরা ক্রয় করে পাঠিয়ে দিয়েছিলাম। একটা স্থায়ী আইন কমিশন গঠন করি। বিচার বিভাগ প্রশিক্ষণ ইন্সটিটিউট আমরা প্রতিষ্ঠা করি। সেই সাথে বিচারকদের বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থাও আমরা নিয়েছি।

Advertisement