ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে আজকের শিশু আগামী দিনের রাষ্ট্রনায়কে পরিণত হবে বলে মন্তব্য করেছেন মাদরাসা গভর্ণিং বডির সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
আজ শনিবার (২৭ আগস্ট) সকালে দারুল উলুম কামিল মাদরাসা আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উক্ত মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই শিশুদের সুস্থ ও সুন্দরভাবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। কারণ এসব শিশু থেকেই বের হয়ে আসবে আগামী দিনের রাষ্ট্রনায়ক। একটি গাছকে যেভাবে সযত্নে ফুল এবং ফলের জন্য তৈরী করা হয় সেভাবে একটি শিশু কিংবা সন্তানকেও গড়ে তুলতে হবে। তাদের ভালোবাসা, সুস্থ ও নিরাপদ পরিবেশে বড়ো হওয়া পর্যন্ত সবকিছু সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে। অযন্ত অবহেলায় একটি শিশুও যাতে ঝড়ে না পড়ে আমাদের সে লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। বাসায় অভিভাবকবৃন্দকে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগণকেই শিশুদের দায়িত্ব নিতে হবে। তবে সন্তানদের শুধুমাত্র মাদরাসায় পাঠিয়ে অভিভাবকদের দায়িত্ব শেষ করলে হবে না বলেও মত প্রকাশ করেন তিনি।
সন্তান কোথায় যাচ্ছে, ঠিক মতো পড়ালেখা করছে কি-না, মাদরাসায় সঠিকভাবে ক্লাস হচ্ছে কি-না সবকিছু সন্তানদের স্বার্থে অভিভাবকদের দায়িত্ব নিতে হবে।
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শিশুদের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য আগামী উপহার দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি মানুষ যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, উন্নত জীবন পায় এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় সে লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে ঝকঝকে বই, কিট এলাউন্স, উপবৃত্তিসহ নানাবিধ সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি উৎসাহিত করা হচ্ছে। সরকারের নানাবিধ উদ্যোগের ফলে প্রাথমিক স্তরেই ঝরে পড়া শিক্ষার্থীদের হার অনেকাংশে কমে এসেছে। তাই শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান মূখী করার এ উদ্যোগকে যে কোন মূল্যে ধরে রাখতে হবে। এজন্য সবচেয়ে বেশি উদ্যোগ নিতে হবে অভিভাবকবৃন্দকে। অভিভাবকদের পাশাপাশি মাদরাসায় শিক্ষার্থীদের প্রতি আরো বেশি যত্নবান হওয়ার জন্য শিক্ষকদের প্রতিও আহবান জানান সুজন।
তিনি শিক্ষক, ছাত্র এবং অভিভাবক ত্রিপক্ষের সমন্বয়ে পাঠদান কার্যক্রমকে আনন্দমুখর করে গড়ে তোলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
মাদরাসা অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অভিভাবক সমাবেশে এসময় শিক্ষকগণ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
















