সৌদিতে আগুনে নিহত ৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

136

সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরে একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরই মধ্যে তাদের পরিচয় মিলেছে।

Advertisement

শনিবার (১৫ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, দুর্ঘটনায় মারা যাওয়া বাংলাদেশিরা হলেন – মো. রুবেল হোসাইন, মোহাম্মদ উবায়দুল, রমজান, মোহাম্মদ সাজেদুল ইসলাম, আরিফ, বারেক সরদার, মো. জুবায়েত আলী, সাইফুল ইসলাম ও মো. ফিরুজ আলী সরদার।

শুক্রবার (১৪ জুলাই) রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সন্ধ্যার সময় এ ঘটনা ঘটে। ৯ বাংলাদেশি ছাড়াও আরও এক ভারতীয়র মৃত্যু হয়। মরদেহগুলো হুফুফ কিং ফাহাদ মর্গে সংরক্ষণ করা হয়েছে।

এ ঘটনায় আহত দুজন কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রম কল্যাণ উইংয়ের প্রতিনিধি দুর্ঘটনায় নিহত ও আহত বাংলাদেশিদের সার্বিক বিষয়ে নিবিড়ভাবে ফলোআপ করছেন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এতে গভীর শোক প্রকাশ করেছেন।

এর আগে সৌদির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছিলেন, নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।

জানা গেছে, আল আহসার আল-মানসুরা শিল্প এলাকায় একটি ফার্নিচার কারখানায় আকস্মিক আগুন লাগে। কাঠের কারণে দ্রুত ভয়াবহ আকার ধারণ করে আগুন। এতে কারখানাটির ভেতর আটকা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে।

সৌদি আরবে এখন প্রচণ্ড গরম। এমন অবস্থায় দেশজুড়ে অগ্নিকাণ্ডের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

Advertisement