আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নেতা-কর্মীদের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় কামাল উদ্দিনের বাসভবন প্রাঙ্গণে ৩৭নং মুনির নগর ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত আহবান জানান তিনি।
এসময় সুজন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন একটি সুষ্টু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগও সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। সে লক্ষে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনী যুদ্ধের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেননা বিএনপি-জামায়াত চক্রটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পেয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। কারণ তারা জানে সুষ্টু নির্বাচন হলে দেশের মানুষ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক নৌকাকেই বেছে নেবে। বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্বে দেশব্যাপী অভূতপূর্ব উন্নয়নের কারণে সারা দেশের মানুষ আওয়ামী লীগের দিকে তাকিয়ে রয়েছে। তারা বার বার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আউটার সিটি রিং রোড, ফ্লাইওভারসহ নানাবিধ মেগা প্রকল্পের কারণে চট্টগ্রামের সাধারণ মানুষ আজ উৎফুল্ল। সাধারণ জনগনের সেই আবেগকে কাজে লাগাতে হবে। তাই এখন থেকেই নেতা-কর্মীদের মাঠে নেমে পড়ার আহবান জানান তিনি।
জনগন যে বিভিন্ন ভাতা প্রাপ্তির মধ্য দিয়ে বর্তমান সরকার কর্তৃক উপকৃত সে কথাও সাধারন ভোটারদের কাছে জানানোর আহবান জানান তিনি।
ভোটকেন্দ্র এবং বুথ ভিত্তিক ভোটারদের তথ্য সংগ্রহ করে তাদের ঘরে ঘরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ড প্রচার করার নির্দেশনা দেন তিনি। সে লক্ষে আগামী ১০ নভেম্বরের মধ্যে ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীর তালিকা জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন নগর আওয়ামী লীগের এই সহ-সভাপতি।
তিনি আরো বলেন, সুষ্টু নির্বাচন হলে বিএনপি-জামায়াত চক্রটি যে সাধারন ভোটার কর্র্তৃক প্রত্যাখাত হবে সেটা তাদের জানা হয়ে গিয়েছে। তাই তারা নির্বাচন বানচালের ছক নিয়ে এগুচ্ছে। তারা আন্দোলনের মধ্য দিয়ে নেতা-কর্মীদের সংগঠিত করছে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বানচালের লক্ষ্য নিয়ে। তাই এলাকায় এলাকায় নির্বাচন বানচালকারীদের তালিকাও তৈরী করার আহবান জানান খোরশেদ আলম সুজন।
ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জানে আলমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. নাছির উদ্দিন, রিদোয়ান আহমেদ, যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ হোসেন, সাবেক সাধারন সম্পাদক সৈয়দ এনামুল হক মুনিরী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মুছা আল নূরী, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মুনিরী, ওয়ার্ড যুবলীগ সভাপতি শেখ মো. জসীম উদ্দিন, সাধারন সম্পাদক হাবিব শরীফ, শ্রমিক লীগ সভাপতি আব্দুর রহিম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. সোহেল, সাধারন সম্পাদক মো. রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ এবং বিভিন্ন ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
















