চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, ছাত্র জনতার বিপ্লবে ফ্যসিবাদের পতনের পর দেশ গঠনে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তা বন্ধ করতে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে। তবে ষড়যন্ত্রকারী যত শক্তিশালী হোক না কেনো, রক্তে রঞ্জিত জাতীয় ঐক্যে তারা ব্যর্থ হতে বাধ্য। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ বিপন্ন করতে পারবে না। যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অন্য কোনো দেশের ইশারায় ষড়যন্ত্র সহ্য করবে না। দেশে প্রয়োজনীয় সবকিছুতে সংস্কার দরকার। কিন্তু সংস্কারের নামে কালক্ষেপণ করে এটা নিয়ে তর্কবিতর্ক করলে হবে না।তাড়াতাড়ি নির্বাচন হলে কোন ষড়যন্ত্র টিকবে না। নির্বাচন দির্ঘায়িত হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে। তাই সকলকে সতর্ক থাকতে হবে, শপথ নিতে হবে দেশরক্ষার।
তিনি রবিবার (৯ মার্চ) বিকালে নগরীর এম এম আলী সড়ক সংলগ্ন দামপাড়া এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমনিরাম ওয়ার্ডের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা পতনের পর দ্রুত সংস্কার ও নির্বাচন যখন কাঙ্খিত ছিলো, তখন একটি অদৃশ্য শক্তি নানা অজুহাতে নির্বাচন এবং সংস্কারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করছে। এর মাধ্যমে হাজার হাজার ছাত্র তরুণের রক্তের ওপর প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার জন আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে না।
বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক হাজী আবু ফয়েজের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারন সম্পাদক জেলী চৌধুরী, মহানগর বিএনপি নেতা শফিক আহমেদ, রফিক সর্দার, খোরশেদ আলম। উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা শামসুদ্দোহা, ওবাইদুল হক, নাছির উদ্দীন, সাহাব উদ্দিন, জাহাঙ্গির আলম, জাহাঙ্গীর বাদশা, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নাদিয়া নাসরীন নিপা, আলতাজ বেগম, আবুল হোসেন, মো. রিপন, মো. মামুন, আনোয়ার হোসেন, দুঃখু মিয়া, মো. পাপ্পু প্রমূখ।

















