ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের পাশে দাঁড়াতে তার বাসায় এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ে চলমান মন্ত্রিসভার বৈঠক শেষে রাজধানী মিরপুর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের বাসায় আসেন তিনি। সেখানে রাত ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ১৩ মিনিট পর্যন্ত অবস্থান করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসময় তিনি রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে নিহত শিশুটির স্বজনদের খোঁজখবর নেন। পরিবারের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ঘটনার সার্বিক পরিস্থিতিও খোঁজ নেন তিনি।
এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পল্লবী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এলাকায় অবস্থান করেন।
এসময় উপস্থিত ছিলেন– স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানসহ আরও অনেকেই।
এর আগে, গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১ এলাকায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় রামিসার মরদেহ।
















