রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

27

রাজনীতির গুণগত পরিবর্তন শুধু মুখে বলার বিষয় নয়, বরং তা কাজে করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন মন্তব্য করেছেন তার প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, দেশের মানুষের মানসিক, সামাজিক ও আত্মিক উন্নয়ন ছাড়া সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলেই প্রধানমন্ত্রী এখন গুণগত পরিবর্তনের রাজনীতির ওপর সবচেয়ে বেশি নজর দিয়েছেন।

Advertisement

শনিবার (১৮ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংবাদিক সম্মেলনে বর্তমান সরকারের বিগত পাঁচ মাসের অর্জন এবং ইশতেহার বাস্তবায়নের নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সাংবাদিক সম্মেলনে সালেহ শিবলী বলেন, রাজনীতির গুণগত পরিবর্তন জরুরি—এই কথা সবাই বলে বেড়ায়, কিন্তু কীভাবে করতে হবে তা কেউ বলে না। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কাজগুলোই এখন বাস্তবে করে দেখিয়েছেন।

তিনি আরও জানান, সরকার তথ্যের বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে চায়। আর সে লক্ষ্যেই সরকারের উন্নয়ন ও জবাবদিহিমূলক কাজগুলো সাধারণ মানুষকে জানাতে মাঠ পর্যায়ের জেলা তথ্য কর্মকর্তাদের আরও সক্রিয় করা হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে সরকারের পাঁচ মাসের সফলতার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, ভোটের কালি শুকানোর আগেই বিএনপির দেওয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার। দায়িত্ব হাতে নিয়ে অল্প সময়ের মধ্যেই এই সরকার জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।

তিনি জানান, গত পাঁচ মাসে ৯৪টি জনবান্ধব আইন ও দায়মুক্তি আইন পাস করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। জুলাই আন্দোলনে সাংবাদিকসহ প্রত্যেকটি হত্যার বিচার নিশ্চিত করবে বর্তমান সরকার। এছাড়া দ্রুততম সময়ে শিশু হত্যা মামলার সমাধান, প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালু, উপজেলা হাসপাতালে আইসিইউ স্থাপন এবং যানজট নিরসনে ঢাকার বাইরে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের কাজ চলছে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিগত ১৭ বছরে সংবাদপত্রে যে কালো আইনগুলো ছিলো, তা সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমানে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। তবে এই স্বাধীনতার মাঝে কিছু মোবাইল সাংবাদিক ও গণমাধ্যম ছাত্রদের আন্দোলন নিয়ে ‘অপসাংবাদিকতা’ করেছে উল্লেখ করে তিনি তাদের এই পথ থেকে বিরত থাকার আহবান জানান।

Advertisement