জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

43

অস্বাস্থ্যকর ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাবার তৈরি এবং সংরক্ষণের অভিযোগে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকার আল-হেলাল হোটেল এণ্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রো কার্যালয়।

Advertisement

রোববার (৩০ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে রান্নাঘরের বিভিন্ন স্থানে তেলাপোকার বিচরণ, স্টোররুমে বিড়ালের চলাচল, খোলা ডাস্টবিন, ফ্রিজারে রান্না করা ও কাঁচা মাংস একসঙ্গে সংরক্ষণসহ নানা অনিয়ম পাওয়া যায়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রামের নিরাপদ খাদ্য অফিসার ফারহান ইসলাম বলেন, অভিযানকালে প্রতিষ্ঠানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। এ সব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

তিনি বলেন, এসব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।তাই নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

Advertisement