হাটহাজারীর শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন সমাজসেবার মহাপরিচালক

10

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ মাহবুব। আজ ৩ নভেম্বর মঙ্গলবার তিনি পরিদর্শনে যান। এ সময় চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, হাটহাজারী উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আইয়ুব এসময় উপস্থিত ছিলেন।

Advertisement

কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার মহাপরিচালককে কেন্দ্রের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং মহাপরিচালককে কেন্দ্রের সকল কার্যক্রম ঘুরে দেখান। পরে মহাপরিচালক কেন্দ্রের বাগানে চায়না বারোমাসি আমের চারা রোপণ করেন।

শেষে কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ মাহ্বুব। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার মাল্বিটমিডিয়ার মাধ্যমে কেন্দ্রের সার্বিক সেবা কার্যক্রম উপস্থাপন করেন। এর পর নিবাসী শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে অনাথ শিশুরা মহাপরিচালকের হাতে তাদের তৈরিকৃত পুঁতির সম্বলিত কলার ছড়া শো-পিস উপহার দেন।

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে মহাপরিচালক কেন্দ্রে নানাবিধ উদ্যোগ দেখে সন্তোষ প্রকাশ করে কেন্দ্রের চলমান সকল কার্যক্রম অব্যাহত রাখতে উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারকে পরামর্শ দেন।

আমাদের হাটহাজারী প্রতিনিধি মোঃ নাজিম উদ্দীন জানান, ফরহাদাবাদ শিশু পূনর্বাসন কেন্দ্র সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের সুবিধাবঞ্চিত, বিপন্ন, পথ শিশুদের সমাজের মূলস্রোত ধারায় ফিরিয়ে আনার প্রয়াসে নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র, মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, জীবন দক্ষতা উন্নয়ন, মনোসামাজিক সহায়তা, কারিগরি প্রশিক্ষণ, চিত্ত বিনোদন, চাকুরীতে নিযুক্তকরণ, পুনর্বাসন/পুনঃএকত্রীকরণ ইত্যাদি নানাবিধ সেবা প্রদানের মাধ্যমে সমন্বিত সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Advertisement