নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতলেও শেষ ম্যাচে ২৭ রানে হেরে গেছে বাংলাদেশ। এতে হেরে যাওয়া সিরিজে ব্যবধান কমিয়েছে কিউইরা। বাংলাদেশ নিউজিল্যান্ডকে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ হারাল ৩-২ ব্যবধানে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সফরকারীরা জড়ো করে ১৬১ রান।
তুলনামূলক ব্যাটিং বান্ধব উইকেটের সুবিধা কাজে লাগিয়ে এদিন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন কিউই ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে অধিনায়ক টম ল্যাথামের ব্যাট থেকে। ৩৭ বলের মোকাবেলায় ২টি করে চার-ছক্কা হাঁকিয়ে ৫০ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ওপেনার ফিন অ্যালেন ২৪ বলে ৪১ রান করেন।
বাংলাদেশের পক্ষে জোড়া উইকেট পাওয়া শরিফুল ৪ ওভারে বিলি করেন ৪৮ রান। খরুচে ছিলেন তাসকিন আহমেদ নাসুম আহমেদরাও।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ কাঙ্ক্ষিত শুরু পায়নি। দুই ওপেনারের সাথে মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের ব্যর্থতায় ৪৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে দল পড়ে যায় চাপে। এরপর দলের হাল ধরেন আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহ রিয়াদ। আফিফ চড়াও হলেও রিয়াদ চালিয়ে যান সাবধানী ব্যাটিং।
পঞ্চম উইকেটে দুজনে গড়ে তোলেন ৫৩ রানের পার্টনারশিপ। ২১ বলে ২৩ রান করে রিয়াদ সাজঘরে ফিরলে খেই হারিয়ে ফেলেন আফিফও, কারণ অপর প্রান্তে পাচ্ছিলেন না যোগ্য সঙ্গ। শেষপর্যন্ত ৩৩ বলে ৪৯ রান করে অপরাজিতই থাকেন ২টি চার ও ৩টি ছক্কা হাঁকানো অলরাউন্ডার, তবু দলকে জয় এনে দিতে পারেননি।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৩৪ রান। নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন এজাজ পেটেল ও স্কট কুগেলেইন।
সংক্ষিপ্ত স্কোর
টস : নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড : ১৬১/৫ (২০ ওভার)
ল্যাথাম ৫০*, অ্যালেন ৪১, নিকোলস ২১, রবীন্দ্র ১৭
শরিফুল ৪৮/২, আফিফ ১৮/১, নাসুম ২৫/১, তাসকিন ৩৪/১
বাংলাদেশ : ১৩৪/৮ (২০ ওভার)
আফিফ ৪৯*, নাঈম ২৩, রিয়াদ ২৩
এজাজ ২১/২, কুগেলেইন ২৩/২
ফল : নিউজিল্যান্ড ২৭ রানে জয়ী
সিরিজ : বাংলাদেশ ৩-২ ব্যবধানে জয়ী।















