আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৩২তম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। দারুণ পারফর্ম করা সহযোগী দেশ স্কটল্যান্ড লড়াকু ক্রিকেট দিয়ে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডকে।
দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান জড়ো করে নিউজিল্যান্ড। বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৬ বলে ৯৩ রান করেন ওপেনার মার্টিন গাপটিল, হাঁকান ছয়টি চার ও সাতটি ছক্কা।
এছাড়া অন্যান্যদের মধ্যে গ্লেন ফিলিপস ৩৭ বলে ৩৩ ও ড্যারিল মিচেল ১১ বলে ১৩ রান করেন। স্কটল্যান্ডের পক্ষে ব্র্যাড হোয়েল ও সাফইয়ান শরীফ দুটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২১ রানে অধিনায়ক কাইল কোয়েটজারকে হারিয়ে ফেললেও স্কটল্যান্ডের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন ব্যাটাররা। টপ অর্ডারে কেউই বলার মত রান করতে পারেননি, কিন্তু নিয়মিত গতিতে রানের চাকা সচল রেখেছেন প্রত্যেকেই।
শেষ দিকে মাইকেল লিস্কের মারকুটে ব্যাটিং স্কটিশদের জয়ের আশা জাগায়। তবে এ যাত্রায় রেহাই পায় নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে স্কটল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৫৬ রান। নিউজিল্যান্ড পায় ১৬ রানের জয়।
স্কটিশদের পক্ষে ২০ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন তিনটি করে চার-ছক্কা হাঁকানো লিস্ক। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও ইশ সোধি দুটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : স্কটল্যান্ড
নিউজিল্যান্ড : ১৭২/৫ (২০ ওভার)
গাপটিল ৯৩, ফিলিপস ৩৩
শরীফ ২৮/২, হোয়েল ৪০/২
স্কটল্যান্ড : ১৫৬/৫ (২০ ওভার)
লিস্ক ৪২*, ক্রস ২৭, মানসি ২২
বোল্ট ২৯/২, সোধি ৪২/২
ফল : নিউজিল্যান্ড ১৬ রানে জয়ী।

















