সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ সীমিত করে পরিপত্র

523

সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ সীমিত করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ মে) বিকেলে এ পরিপত্র জারি করা হয়।

Advertisement

উপ-সচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার এক্সপোজার ভিজিট/স্টাডি ট্যুর/এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণসহ সকল প্রকার বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে।

‘পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সকল প্রকার বৈদেশিক ভ্রমণ সীমিতকরণ’ শীর্ষক এ পরিপত্রে আরও বলা হয়, এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বুধবার (১১ মে) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ সফরে যেতে পারবেন না। আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এখন যারা বিদেশ যাচ্ছেন, তাদের এগুলোর অ্যাপ্রুভাল আগে নেওয়া ছিল। সেসব ক্ষেত্রে আমরা অনুমোদন দিয়েছি।’

‘পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, প্রয়োজন না থাকলে বিদেশ সফর আর নয়। যদি কোনো বিশেষ প্রয়োজন হয়, তাহলে তারা যাবেন। অন্যথায় কেউ যাবেন না। এটা কমানো হবে।’

Advertisement