শোকের শক্তিতে জাগরিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবেঃ চসিক মেয়র

198

আজ শুক্রবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষষ্ঠ নির্বাচিত পরিষদের সদস্যদের নিয়ে সদ্য প্রতিমন্ত্রীর মর্যাদা প্রাপ্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী পঁচাত্তরের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের স্মৃতির প্রতি টুঙ্গিপাড়ায় সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

Advertisement

এই সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে জঘন্যতম ও কলঙ্কজনক নৃশংস হত্যাকান্ড ।বিশ্বের ইতিহাসে এমন নির্মমতার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। ঘাতকদল ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তাঁর নাম ইতিহাস থেকে চিরতরে মুছে ফেলবে। কিন্তু তাদের স্বপ্ন সফল হয়নি। কারণ যারা ইতিহাস সৃষ্টি করে তাদের মৃত্যু হতে পারে না,তারা অমর। এই জঘন্য হত্যাকান্ডের শোকের শক্তিতে জাগরিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করার মাধ্যমেই সেদিনের শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ আব্দুস সবুর লিটন, মোহম্মদ গিয়াস উদ্দিন, আফরোজা কালাম সহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর বৃন্দ।

মেয়র আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং মদদদাতাদের চিহ্নিত করে বিচারের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন “কমিশন গঠন ” করা সময়ের দাবী। জাতি চায় সেই দাবি বাস্তবায়িত হোক। ইতিহাসের জঘন্যতম এই নারকীয়ন হত্যাকাণ্ডের পেছনে কুশীলবদের মুখোশ উন্মোচিত হোক।

শ্রদ্ধা নিবেদন শেষে পরিষদকে নিয়ে মেয়র মিলাদ ও মোনাজাতে অংশ নেন ।

Advertisement