চট্টগ্রাম-১০ (ডবলমুরিং,পাহাড়তলী ও হালিশহর) সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক নগর ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি মহিউদ্দিন বাচ্চু।
সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেয়া হয়।
সভা শেষে রাত সোয়া ৯টায় গণমাধ্যমের সামনে প্রার্থীর নাম প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, মনোনয়ন বোর্ডের সভায় চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে মহিউদ্দিন বাচ্চুকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
মনোনয়ন বোর্ড সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডা. আফছারুল আমীনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে ২৯ জন ছিলেন প্রত্যাশায়।
আগামী ৩০ জুলাই এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই।
গত ২ জুন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন। পারিবারিক সূত্রে জানা যায়, ডা. আফছারুল মরণব্যাধী ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে।
ডা. আফছারুল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি এই আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারের নৌপরিবহন ও পরে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন।
















