ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শোক বিবৃতিতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, কামাল উদ্দিন আহাম্মদ শুধু একজন বিজ্ঞ আইনজীবীই নন, তিনি এদেশের মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। আমৃত্যু তিনি দেশ ও জাতির জন্য কাজ করে গেছেন। আইনজীবী হিসেবে তিনি আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলা রাষ্ট্রপক্ষে পরিচালনা করে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। তাঁর ক্ষুরধার ভূমিকার কারণে জাতি জানতে পেরেছে, কিভাবে একটি স্বাধীন দেশের ভূমি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করেছিল বিএনপি-জামাত জোট সরকার। যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরীর মালিকানাধীন জাহাজে করে অস্ত্র এনে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনায় মদদের চাঞ্চল্যকর তথ্য তিনি উন্মোচন করেছিলেন। তাঁর এই ভূমিকার জন্য তিনি দেশ ও জাতিকে ঋণী করে গেছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আহাম্মদের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগ একজন নিষ্ঠাবান সংগঠককে হারিয়েছে বলে আমি মনে করি।















