চবি সংশ্লিষ্টদের শান্ত ও দুঃশ্চিন্তামুক্ত থাকার আহবান উপাচার্যের

473

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) নবনিযুক্ত উপাচার্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্বিবদ্যালয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

Advertisement

গতকাল আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর আজ এক বিবৃতির মাধ্যমে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনের সফলতার মধ্য দিয়ে ধ্বংসের কার্নিশে উপনীত শিক্ষাঙ্গনে গঠনমূলক সংস্কারের অভূতপূর্ব সুযোগ সুষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে আমি ১৯ সেপ্টেম্বর এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে যোগ দিয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকদের শান্ত ও দুঃশ্চিন্তামুক্ত থাকতে অনুরোধ করছি। কারণ, এ বিশ্ববিদ্যালয় এখন আর অভিভাবকহীন নয়। আমরা যথাসম্ভব কম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও একাডেমিক কার্যক্রম চালু করতে কাজ শুরু করেছি। সবার সহযোগিতা নিয়ে এ প্রতিষ্ঠানকে দুর্নীতি ও সেশনজটমুক্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।

এদিকে গতকাল দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তা,কর্মচারী,ডীন, বিভাগের চেয়ারম্যান সহ সিনিয়র শিক্ষকরা তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে ওনার নিজ বিভাগ রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষকরা দেখা করে শুভেচ্ছা জানান এবং সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।

এনিয়ে বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ডক্টর এনায়েত উল্লাহ পাটোয়ারী সামাজিক মাধ্যমে লিখেছেন আলহামদুলিল্লাহ। প্রফেসর ড. ইয়াহইয়া আখতার স্যার আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ভিসি হিসেবে যোগদান করেছেন। স্যারকে সর্বস্তরের ছাত্র- শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী স্বাগত জানান। আমরা রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষকগণও স্যারকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম।বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বিভাগের সকল ছাত্র শিক্ষকদের পক্ষ থেকে স্যারকে শুভেচ্ছা জানিয়েছি এবং সকল ভালো কাজে স্যারকে সহযোগিতার আশ্বাস দিয়েছি। আমরা আশাবাদী স্যার বিশ্ববিদ্যালয়কে একটি মর্যাদাজনক স্থানে নিয়ে আসতে পারবেন।

মতবিনিময়কালে বিভাগের অধ্যাপক ড. ভূইয়া মো: মনওয়ার কবির, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, অধ্যাপক ড. আনোয়ারা বেগম, অধ্যাপক ড. সফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

Advertisement