চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের সেন্টার ফর বিজনেস এডমিনিস্ট্রেশনের (সিইউসিবিএ) ২৬তম ব্যাচের ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ লেকচার গ্যালারিতে শনিবার (১১ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। এতে বর্তমান শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পর দু’টি ভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
প্রথম ভাগে নবীন শিক্ষার্থীদের জন্য সিইউসিবিএ অর্ডিন্যান্স উপস্থাপন করেন মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর। দ্বিতীয় ভাগে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সিইউসিবি এর বোর্ড অব গভর্ণরস-এর ভাইস চেয়ারম্যান প্রফেসর এস এম নসরুল কদিরের সভাপতিত্বে শিক্ষার্থীদের জন্য পরামর্শমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভার শুরুতে সিইউসিবি এর ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধূরী স্বাগত বক্তব্য দেন। অতঃপর ব্যবসায় প্রশাসন অনুষদের অন্তর্ভূক্ত বিভিন্ন বিভাগের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল কবীর (হিসাব বিজ্ঞান বিভাগ), প্রফেসর ড. জহুরুল আলম (ব্যবস্থাপনা বিভাগ), প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম (ফাইন্যান্স বিভাগ), প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর (মার্কেটিং বিভাগ), প্রফেসর ড. মোহাম্মদ আফতাব উদ্দিন (এইচ আর এম বিভাগ), ও জনাব আবু বকর সিদ্দিক (ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ)। এছাড়া সিইউসিবি এর প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ মামুন এবং সিইউসিবিএ এলুমনাই এসোশিয়েশনের সভাপতি মোহাম্মদ ইউসুফও বক্তব্য রাখেন।
এই আয়োজনে ওরিয়েন্টেশন স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষের (বেপজা) অতিরিক্ত নির্বাহী পরিচালক (শিল্প সম্পর্ক) জনাব আশিক মোহাম্মদ শাহাদাত হোসাইন। ওরিয়েন্টেশন স্পীকার তাঁর বক্তব্যে দেশের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে সিইউসিবি এর শিক্ষার্থীদের আগামী দিনের উপযোগী মানব সম্পদে পরিণত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে মোহাম্মদ আবু ঈসা আনসারী, মোহাম্মদ আনিসুর রহমান, ও ইশাতুন রাদিয়া বৃষ্টি তাদের অনুভূতি প্রত্যাশা তুলে ধরেছেন। পুরো ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের প্রফেসর ড. ফুয়াদ হাসান।

















