শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামের হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জেলার জন্য বরাদ্দকৃত ২০ লাখ কম্বলের মধ্যে প্রথম দিনে ৩ হাজার কম্বল বিতরণ করা হয়।
নিজে উপস্থিত থেকে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন চট্টগ্রামের প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম।
প্রথম দিনে নগরীর স্টেশন রোড, কদমতলী, সিআরবি, কাজির দেউড়ি ও ষোলশহর দুই নাম্বার গেট এলাকায় হতদরিদ্র শীতার্ত পথচারীদের মাঝে ৩ হাজার কম্বল বিতরণ করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের শীতার্ত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে ২০ লাখ কম্বল দেয়া হয়েছে। এসব কম্বল পর্যায়ক্রমে হতদরিদ্র মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি।চট্টগ্রামের উপজেলাগুলোতেও সরকারের দেওয়া এসব কম্বল পৌঁছে দেওয়া হবে।
জেলা প্রশাসক ফরিদা খানম সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা ও বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার আল আমিন হোসেন, স্টাফ অফিসার মো. ইসরাফিল জাহান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল মজুমদার ও জেলা নাজির জামাল উদ্দিন।

















