আইসিডিডিআর,বির গবেষণা

ঢাকার শিশুরা দিনে ৫ ঘণ্টা তাকিয়ে থাকছে ডিজিটাল স্ক্রিনে, স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব

26

ঢাকার শিশুরা প্রতিদিন গড়ে প্রায় পাঁচ ঘণ্টা সময় ডিজিটাল স্ক্রিনে (মোবাইল, টিভি, ট্যাব বা কম্পিউটার) তাকিয়ে থাকে। আইসিডিডিআর,বির নতুন এক গবেষণায় এ উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

Advertisement

গবেষণায় আরও দেখা গেছে, অতিরিক্ত এই স্ক্রিন ব্যবহারের ফলে শিশুদের পর্যাপ্ত ঘুম ব্যাহত হচ্ছে এবং তারা স্থূলতা ও বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে।

২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ঢাকার ছয়টি স্কুলের ৬ থেকে ১৪ বছর বয়সী ৪২০ জন শিশুর ওপর এই গবেষণাটি চালানো হয়। গবেষণার ফলাফল সম্প্রতি জার্নাল অব মেডিকেল ইন্টারনেট রিসার্চ (জেএমআইআর) হিউম্যান ফ্যাক্টরসে প্রকাশিত হয়েছে।

ফলাফলে দেখা গেছে, গবেষণায় অংশ নেওয়া শিশুদের মধ্যে ৮৩ শতাংশই বিনোদনের জন্য আন্তর্জাতিকভাবে নির্ধারিত সময়ের চেয়ে বেশি স্ক্রিন ব্যবহার করছে।

এর নেতিবাচক প্রভাব হিসেবে প্রতি ৩ জন শিশুর মধ্যে ১ জন চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশু নিয়মিত মাথাব্যথার কথা জানিয়েছে।

শিশুদের জন্য প্রয়োজনীয় সময়ের চেয়ে ১ থেকে ৩ ঘণ্টা কম ঘুম হচ্ছে। প্রতি ৫ জন শিশুর মধ্যে ২ জন এক বা একাধিক মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত।

গবেষণার প্রধান গবেষক এবং আইসিডিডিআর,বির অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ডা. শাহরিয়া হাফিজ কাকন বলেন, ‘শিশুদের দেরিতে ঘুমানো, মাথাব্যথা, চোখের অস্বস্তি, অস্বাভাবিক খিটখিটে মেজাজ বা নিজেকে গুটিয়ে নেওয়া, মনোযোগ কমে যাওয়া বা বাইরের খেলাধুলায় অনীহার মতো লক্ষণগুলোকে গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। কারণ এগুলো অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ইঙ্গিত হতে পারে পারে, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে।’

Advertisement