দেশের আকাশে সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে ইতোমধ্যেই দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ।
সে অনুযায়ী আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
আগামী ৯ জিলহজ পবিত্র আরাফাতের দিন পালিত হবে ২৭ মে এবং পরদিন ১০ জিলহজ, অর্থাৎ ২৮ মে সারাদেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রোববার সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপন হবে। ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ পালিত হবে।
সৌদি আরবের পাশাপাশি ওমান আগামী ২৭ মে ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া একই দিন ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দেয়। তবে প্রতিবেশী দেশ ব্রুনেইতে ঈদ হবে ২৮ মে বৃহস্পতিবার।

















