খুলছে পর্যটন-বিনোদনকেন্দ্রও, উঠছে সড়কে অর্ধেক যান চলার নিয়ম

241

লকডাউন তুলে নেওয়া হয়েছে। কিছুক্ষেত্রে বিধিনিষেধ বলবৎ ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান বাদে আজ সেটিও তুলে নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৯ আগস্ট থেকে সড়ক, রেল ও নৌ-পথে সকল প্রকার গণপরিবহন চলাচলের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

Advertisement

এছাড়া ৫০ শতাংশ ব্যবহার করে পর্যটনকেন্দ্র-রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র চালু করারও অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে ১৯ আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সবকিছুই চলবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৩ আগস্ট ২০২১ তারিখে অনুষ্ঠিত কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সূত্রস্থ স্মারকসমূহে আরোপিত পূর্বের সকল বিধিনিষেধের অনুবৃত্তিক্রমে আগামী ১৯ আগস্ট ২০২১ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত শর্তাবলি সংযুক্ত করে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো:

১.১: যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌ-পথে সকল প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে;

১.২ পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে,

১.৩ সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে; এবং ১.৪ যে কোন প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Advertisement