‘ক্যারেজ ওয়ার্কশপে বিনিয়োগকারী খুঁজছে সরকার’

30

রাজবাড়ীতে ১০৫ একর জমির ওপর প্রস্তাবিত ক্যারেজ ওয়ার্কশপ স্থাপনে বিনিয়োগকারী খুঁজছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজবাড়ীর রেলওয়ে মাঠ, রেলওয়ে স্টেশন, আজাদী ময়দান ও লোকশেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রেলওয়ে সচিব বলেন, রাজবাড়ীতে ক্যারেজ ওয়ার্কশপ স্থাপনের সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। ২০২৩ সালে এ প্রকল্প নিয়ে অংশীজনদের সঙ্গে বৈঠকও করা হয়েছে। প্রকল্পটি বর্তমানে সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের সময়ও ক্যারেজ ওয়ার্কশপ প্রকল্প নিয়ে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা হয়েছে।

রেলওয়ে সচিব আরও বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার অনুযায়ী দেশের প্রতিটি জেলা ও উপজেলায় খেলার মাঠ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি প্রকল্প গ্রহণ করেছে।

তিনি বলেন, সেই পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে রেলওয়ের শর্ত অনুযায়ী রাজবাড়ী রেলওয়ে মাঠ উন্নয়নের জন্য একটি প্রস্তাবনা দেয়া হয়েছে। এছাড়া আজাদী ময়দানে একটি কালচারাল কমপ্লেক্স নির্মাণের বিষয়টিও পর্যালোচনা করা হবে। এ বিষয়ে কী করা যায়, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

এ সময় জেলা প্রশাসক আফ‌রোজা পার‌ভিন, রাজ‌নৈ‌তিক ব‌্যক্তিসহ রেলও‌য়ের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

Advertisement