সিএমপিতে আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

37

দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে ও কেডিএস গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার (৪ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী মহোদয়।

Advertisement

সিএমপির বিভিন্ন বিভাগ ও ইউনিটের অংশগ্রহণে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টে শুরু থেকেই খেলোয়াড়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ, উদ্দীপনা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় SAF-01 ও SAF-02 গ্রুপ। টানটান উত্তেজনাপূর্ণ এ ফাইনাল ম্যাচে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে SAF-01 গ্রুপ ৭ উইকেটের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী বলেন, “পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজনের মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও দলীয় চেতনা আরও সুদৃঢ় হয়। ভবিষ্যতেও সিএমপিতে এ ধরনের ক্রীড়া ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কেডিএস গ্রুপের এইচআর হেড সুবির দাশ, কেডিএস গ্রুপের সিনিয়র ম্যানেজার (প্রটোকল) সুমন চৌধুরী ও খেলা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Advertisement