মেডিকেল সংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ১৩ তারিখ থেকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস শুরু হবে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। পরিস্থিতি বিবেচনা করে অনান্য বর্ষের ক্লাস খুলে দেও।য়া হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের যে বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে— বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, নার্সিং কলেজ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি), মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ডেন্টাল কলেজ। এসব প্রতিষ্ঠানে প্রায় দেড় শিক্ষার্থী লেখাপড়া করছে। মেডিকেল শিক্ষা এমন একটি ব্যবস্থা যেখানে একটা পর্যায়ে শিক্ষার্থীদের রোগীর কাছে যেতে হবে। যদি না যায় তাহলে তাদের শিক্ষা অপূর্ণ রয়ে যাবে। সে একজন ভালো ডাক্তার হতে পারবে না। এসব চিন্তা-ভাবনা করে, সবার মতামত নিয়ে আমরা সিদ্ধান্ত এখন সশরীরে ক্লাস শুরু করে দেওয়া দরকার। তা না হলে বড় গ্যাপ পড়ে যাবে। চিকিৎসা ব্যবস্থায় বিরাট গ্যাপ হয়ে যাবে। আমরা ইন্টার্ন চিকিৎসক আগামীতে পাব না।
তিনি বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠান একবারে খুলে দেবো না। আমরা পর্যায়ক্রমে খুলবো। আমরা দেখবো, কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেয় কি না। সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। ছাত্র-ছাত্রীদের রোগীর কাছে যেতে হবে। দ্বিতীয় ও পঞ্চম বছরে যদি না যায় লেখাপড়া অপূর্ণ থেকে যাবে। রোগীকে দেখতে হবে। সেখান থেকে তারা চিকিৎসা দেওয়া শিখবে। ননকোভিড এবং ক্ষেত্র ভেদে কোভিড রোগীদের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা করবো। সেটা যথাযথ সুরক্ষার মাধ্যমে এই ব্যবস্থা আমরা গ্রহণ করবো। ইতোমধ্যে আমরা ভর্তি পরীক্ষা নিয়েছে। অন্যান্য ধরনের পরীক্ষা চলমান আছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, চলতি মাসের ১৩ তারিখ থেকে ক্লাস শুরু করতে পারবেন। হয়তো দুয়েক দিন এদিক-ওদিক হতে পারে। তবে আনুমানিক এটিই নির্ধারিত তারিখ— বলেন জাহিদ মালেক।















