আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।
বিএফইউজের ভোটার তালিকা থেকে বাদ পড়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ফেরদৌসের করা রিটের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।
এছাড়া রুলে মোহাম্মদ হাসান ফেরদৌসকে কেন ওই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তীর্থ সলীল পাল ও নুরুল করিম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবায়েত।
গত ২৫ সেপ্টেম্বর বিএফইউজের নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এর আগে নির্বাচনে ৩৪টি মনোনয়নপত্র জমা পড়ে, যার মধ্যে একটি মনোনয়নপত্র বাতিল করে ৩৩ জনের খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
খসড়া তালিকা অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল জলিল ভুঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। সহ-সভাপতি পদে অমিয় ঘটক পুলক, আজমল হক হেলাল, মধুসূদন মন্ডল, মফিদা আকবর ও সালাম মাহমুদ।
মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান। যুগ্ম মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা, বরুন ভৌমিক নয়ন, মানিক লাল ঘোষ ও শেখ মামুনুর রশীদ। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।
দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এম শাহজাহান, মাসুম আহাম্মদ, রেজাউল করিম রেজা, শাহ আলম ডাকুয়া ও সেবিকা রানী। সদস্য পদে প্রার্থী হিসেবে রয়েছেন, আবদুল খালেক লাভলু, উম্মুল ওয়ারা সুইটি, এমএ রহিম রনো, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, সফিউর রহমান, শাহজাহান স্বপন, শেখ নাজমুল হক সৈকত, শফিউদ্দিন আহমেদ বিটু ও হামিদ মোহাম্মদ জসিম।
বিএফইউজে সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা তিন হাজার ৯৭০ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহজাহান সরদার।

















