সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে একাত্ম হয়ে কাজ করতে হবেঃ নাছির

239

দীপাবলী উৎসবের ভাবগাম্ভীর্য ও নিরাপত্তা নিশ্চিতে স্ব স্ব ওয়ার্ড, থানা, ইউনিট আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে একাত্ম হয়ে কাজ করতে হবে। সাম্প্রদায়িক অপশক্তি হিন্দু মুসলমানের মধ্যে বিরাজমান সম্প্রীতি নষ্ট করার জন্য আবার ও অপতৎপরতা চালাতে পারে। আবারও দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে তুলতে পারে।

Advertisement

আজ বুধবার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ,ক্যাপ্টেন এম মনসুর আলী,এ এইচ এম কামরুজ্জামান স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন নেতাকর্মীদের উদ্দেশ্যে এই নির্দেশনা দিয়েছেন।

তিনি আরো বলেন, এই অপশক্তি সেই পাকিস্তান শাসনামল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চালিয়ে আসছে। শারদীয় দুর্গোৎসবে মন্দিরে মন্দিরে হামলা, সংঘর্ষের ঘটনাও তাদের একই ষড়যন্ত্রের অংশ। সুতরাং তাদের হীন রাজনৈতিক স্বার্থ কি তা বাংলার জনগণ আজ বুঝে গেছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন বলেন, এই একই উগ্রবাদী অপশক্তি মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাঙালি হত্যা, ৩ লাখ মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। এদেশকে পাকিস্তানি ভাবধারার রাষ্ট্র বানাতে তারাই জাতির জনককে স্বপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একে একে ১৯ বার হত্যার ষড়যন্ত্র করেছে। তাদের ষড়যন্ত্র থেমে নেই। এদেরকে প্রতিরোধের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ শক্তিতে বলীয়ান হয়ে মাঠে থাকতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় আলোচনায় সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু , উপদেষ্টা শফর আলী, যুগ্ম সম্পাদক বদিউল আলম, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, জহর লাল হাজারী, এড কামাল উদ্দিন, আবু তাহেরসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Advertisement