ভারতের প্রথম জয়

723

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে ভারত। বুধবার (৩ নভেম্বর) আবুধাবিতে প্রতিপক্ষ আফগানিস্তানকে ৬৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলির দল।

Advertisement

টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটাররা এদিন রান তুলেছেন স্বাচ্ছন্দ্যে। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে রোহিতরা জড়ো করেন ২১০ রানের পাহাড়। কোহলিকে এদিন ব্যাট হাতে নামতেই হয়নি।

উদ্বোধনী জুটিতে ১৪০ রান এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ৪৭ বলে ৭৪ রান করা রোহিত বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি। রোহিতের ব্যাট থেকে আসে আটটি চার ও তিনটি ছক্কা। রোহিতের বিদায়ের পর থিতু হতে পারেননি রাহুলও। ছয়টি চার ও দুটি ছক্কায় ৪৮ বলে ৬৯ রান করে বিদায় নেন তিনি।

তবে এরপর আর কোনো উইকেট হারায়নি ভারত। রিশভ পান্ট ১৩ বলে ২৭ ও হার্দিক পান্ডিয়া ১৩ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। রশিদ খান, হামিদ হাসানরা বল হাতে ছিলেন খরুচে।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৩ রানে পরপর দুই বলে দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও হজরতউল্লাহ জাজাইকে হারিয়ে ফেলে আফগানিস্তান। এরপর রহমানউল্লাহ গুরবাজ ঝড়ো ব্যাটিংয়ের আভাস দিলেও সফল হতে পারেননি। গুরবাজ ১০ বলে ১৯ রান করে বিদায় নিলে আর কেউই পরিস্থিতির ছন্দ ধরে রাখতে পারেননি। একপর্যায়ে দলটি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ১৪৪ রান। শেষদিকে ২২ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন করিম জানাত। তিনটি চার ও দুটি ছক্কা হাঁকানো ইনিংসে কমিয়েছেন পরাজয়ের ব্যবধান। ৩২ বলে ৩৫ রান আসে অধিনায়ক মোহাম্মদ নবীর ব্যাট থেকে।

ভারতের পক্ষে তিনটি উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। চার বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমে রবিচন্দ্রন অশ্বিন শিকার করেন দুটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

টস : আফগানিস্তান

ভারত : ২১০/২ (২০ ওভার)
রোহিত ৭৪, রাহুল ৬৯, হার্দিক ৩৫* পান্ট ২৭*
করিম ৭/১, গুলবাদিন ৩৯/১

আফগানিস্তান : ১৪৪/৭ (২০ ওভার)
করিম ৪২*, নবী ৩৫
শামি ৩২/৩, অশ্বিন ১৪/২

ফল : ভারত ৬৬ রানে জয়ী।

Advertisement