সৌদি আরবের কয়েকটি বিমানবন্দর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আভা আন্তর্জাতিক বিমানবন্দর এবং খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। তার দাবি, হামলার কারণে বিমানবন্দরগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছে এবং একটি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ছাড়া জিজান ও আসির অঞ্চলের কয়েকটি সামরিক শিবির লক্ষ্য করেও বিপুলসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেন তিনি।
তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদকে লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি আরও জানান, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের অবস্থান শনাক্ত করা হয়েছে এবং সেটি ধ্বংসের প্রস্তুতি চলছে।
হুথিদের হামলার অন্যান্য দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
















