মাঝিরঘাটে হেলে পড়েছে তিন তলা ভবন

225

নগরের সদরঘাট থানার মাঝিরঘাটের পার্বতী পুকুর পাড় এলাকার একটি তিনতলা ভবন হেলে পড়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় থাকা নালার খনন কাজের সময় দুই পাশে নিরাপত্তা বেষ্টনী না দেওয়ায় ভবনটি হেলে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

Advertisement

সোমবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে ভবনটি হেলে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি টিম পর্যবেক্ষণে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হেলে পড়া ভবন সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এলাকাবাসীর অভিযোগ, কোন ধরনের নিরাপত্তা বেষ্টনি ছাড়া দুই বছর ধরে প্রায় ৩০ ফিট নালা খননের কাজ করছে সেবা সংস্থাটি।

এলাকাবাসীরা বারবার সংশ্লিষ্ট মহলকে জানালেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এই নালা খননের কারণে ভবনটি হেলে পড়েছে পাশের ভবনে। এতে পাশের দুটি ভবনও ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং ভবনে থাকা বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে। যদিও ইতিমধ্যেই হেলে পড়া ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ করছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এক ফায়ার ফাইটার বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটো টিম ঘটনাস্থলে যায়। যতটুকু জেনেছি নিরাপত্তা বেষ্টনি ছাড়া সিডিএ সেখানে নালা খননের কাজের কারণে ভবনটি হেলে পড়েছে। আমাদের টিম সেখানে কাজ করছে। বাকিটা পরে বিস্তারিত জানাতে পারবো।’

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে এক কর্মকর্তা বলেন, ‘ রাত সাড়ে দশটার পর সদরঘাটের পার্বতী পুকুর পাড় এলাকা থেকে কল করে একটি তিনতলা ভবন হেলে পড়ার কথা জানোনা হয়। সেখানে কেউ আটকা নেই। ঘটনাস্থলের পথে আমাদের টিম গেছে। বাকিটা পরে বিস্তারিত জানাতে পারবো।’

একই প্রসঙ্গে সদরঘাট থানার ডিউটি অফিসার বলেন, ভবনটি চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

Advertisement