মোঃ তৌহিদুল ইসলাম: যদি একা কিংবা প্রিয়জনকে নিয়ে দীর্ঘ পথ হাঁটতে চান, তবে চলে যান সিআরবি। শতবর্ষী গাছের ছায়ায় লাল মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে হারিয়ে যান প্রকৃতির মাঝে।
যদি সাইকেল চালাতে চান, তবে বেছে নিতে পারেন পতেঙ্গা সমুদ্রসৈকতের পাশের রাস্তা কিংবা কর্ণফুলী নদীর পাড়।
যদি বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডায় সময় কাটাতে চান, তবে চলে যান ডিসি হিল কিংবা সিআরবিতে। খোলা পরিবেশে বসে জমে উঠুক শুক্রবারের আড্ডা।
যদি একটু নিরিবিলি পরিবেশে শহরকে ওপর থেকে দেখতে চান, তবে ঘুরে আসুন বাটালি হিল থেকে। আর সূর্যাস্ত দেখতে চাইলে পতেঙ্গা সমুদ্রসৈকত তো আছেই।
যদি ইতিহাস ও ঐতিহ্যের খোঁজে বের হতে চান, তবে ঘুরে দেখতে পারেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রাম কোর্ট বিল্ডিং ও পুরোনো শহরের ঐতিহাসিক স্থাপনাগুলো।
আর খাবারের কথা বললে, চট্টগ্রামে ঘোরাঘুরি মানেই মেজবানি গরুর মাংস, কালাভুনা, শুঁটকি ভর্তা কিংবা পুরোনো শহরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়া। চাইলে জামালখান বা চকবাজারের খাবারের দোকানগুলোতেও ঢুঁ মারতে পারেন।
শুক্রবারের ছুটিটা শুধু ঘরে বসে কাটিয়ে না দিয়ে একটু বেরিয়ে পড়ুন। কখনো কখনো খুব দূরে যাওয়ার প্রয়োজন হয় না, নিজের শহরটাকেই নতুন করে আবিষ্কার করাই হতে পারে সুন্দর একটি দিনের গল্প।
আপনার শুক্রবারের গন্তব্য কোথায়? জানিয়ে দিন চট্টলা নিউজকে, আমরা জানিয়ে দিব আমাদের পাঠকদের!

















