ঘরের মাঠে চট্টগ্রামকে হারিয়ে প্রতিশোধ নিলো খুলনা

242

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে খুলনা টাইগার্স। খুলনার পক্ষে অর্ধশতক হাঁকিয়েছেন আন্দ্রে ফ্লেচার।

Advertisement

বিপিএল প্রথম ম্যাচ খেলতে নামা সৌম্য সরকার ৩ বলে ১ রান করে শরিফুল ইসলামের বলে ক্যাচ আউট হন। দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন আন্দ্রে ফ্লেচার ও রনি তালুকদার। ধীরগতিতে ১৮ বলে ১৭ রান করেন রনি। তাকে শিকার করেন নাসুম আহমেদ।

অর্ধশতক হাঁকিয়ে বিদায় নেন ফ্লেচার। ৪৭ বলে ৫৮ রান করেন এই ক্যারিবিয়ান হার্ড-হিটার। তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। এরপর সেকুগে প্রসন্ন ও মুশফিকুর রহিম দলকে জয়ের বন্দরে নিয়ে যান। স্কোর লেভেল করে ক্যাচ আউট হন প্রসন্ন। এক চার ও দুই ছক্কায় তিনি করেন ১৫ বলে ২৩ রান।

খুলনার পক্ষে জয়সূচক রানটি করেন মুশফিক। ৩০ বলে ৪৪ রানের ঝলমলে ইনিংস খেলে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক। মুশফিকের রানে ফেরার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা। ৬ উইকেটে জয় পেয়েছে খুলনা। চট্টগ্রামের পক্ষে দুইটি উইকেট পান অধিনায়ক মিরাজ।

এর আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই কেনার লুইসকে হারিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েছিলেন আফিফ হোসেন ধ্রুব ও উইল জ্যাকস। জ্যাকস ২৩ বলে ২৮ রান করে বিদায় নেওয়ার পর চরম ব্যর্থতা প্রদর্শন করেন চট্টগ্রামের মিডল অর্ডার ব্যাটাররা। সতীর্থদের আসা-যাওয়া দেখতে দেখতে সেই দলে নাম লেখান আফিফও।

৩৭ বলে ৪৪ রান করেন আফিফ। বিপিএলের চলতি আসরে এটিই তার সর্বোচ্চ রান। আফিফের ব্যাট থেকে আসে ৩টি চার ও ২টি ছক্কা। শেষ দিকে ভালো খেলেন নাঈম ইসলাম ও শরিফুল ইসলাম। নাঈম দুই চার ও এক ছক্কায় করেন ১৯ বলে অপরাজিত ২৫ রান। শরিফুল একটি করে চার ও ছক্কায় ৬ বলে ১২ রানে অপরাজিত ছিলেন।

খুলনার পক্ষে পেরেরা চার ওভারে মাত্র ১৮ রান খরচ করে নেন তিনটি উইকেট। কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা ও সেকুগে প্রসন্ন একটি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৪৩/৮ (২০ ওভার)
আফিফ ৪৪, জ্যাকস ২৮, নাঈম ২৫*;
পেরেরা ৩/১৮, নাবিল ১/১৪।

খুলনা টাইগার্স ১৪৪/৪ (১৮.৫ ওভার)
ফ্লেচার ৫৮, মুশফিক ৪৪*, প্রসন্ন ২৩, রনি ১৭;
মিরাজ ২/২৪।

খুলনা টাইগার্স ৬ উইকেটে জয়ী।

Advertisement