এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্য তাদের ভবিষ্যৎ জীবনের নতুন অধ্যায়ের সূচনা উল্লেখ করে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, শিক্ষার্থীদের মেধা-যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে মাদক একটি পরিবার, সমাজ-রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। শিক্ষার্থীদের মাদক এবং কিশোর গ্যাং থেকে দূরে সরিয়ে রেখে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের সকলকে সম্মিলিতভাবে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে কাজ করতে হবে। এছাড়া কিশোর গ্যাং এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হলে তরুণ প্রজন্মকে সচেতন ও সতর্কতার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত রাখা এখন আমাদের জাতীয় এবং সামাজিক দায়বদ্ধতা। এ সময় শিক্ষার্থীদের কিশোর গ্যাং-মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ডাঃ রানা চৌধুরী’র সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দিন আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জারি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ডাঃ অজয় দাশ, নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি বাবু সুকুমার কারণ।
স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু শেফাল কান্তি সুশীল, ম্যানেজিং কমিটির সদস্য বেলাল উদ্দিন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন বিসিএস শিক্ষক ক্যাডারে সুপারিশকৃত শ্রীবাস দাশ, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক কায়সার আলম, সদস্য সচিব অ্যাড. মোজাফফর হোসেন রাহাত, বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন, সরোয়ার আলম, মোদাচ্ছের বিন ইসমাইল, কে.এম. আব্বাসি প্রমুখ।
















