বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ১৯তম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের। তবে বৃষ্টির কারণে কোনো বল মাঠে না গড়িয়েই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ম্যাচ অফিসিয়ালরা খেলা শুরু করতে পারেননি। এমনকি টসও সম্পন্ন করা যায়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। এতে ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে।
৬ ম্যাচে ৪ জয় নিয়ে ফরচুন বরিশাল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছিল। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৭ ম্যাচে বরিশালের পয়েন্ট বেড়ে হয়েছে ৯। এতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে সাকিব আল হাসানের দল।
অন্যদিকে বরিশালের চেয়ে ১ ম্যাচ কম খেলা সিলেট জয় পেয়েছে মাত্র ১টি ম্যাচে। এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেও ৬ দলের পয়েন্ট টেবিলে এখনও দলটির অবস্থান তলানিতে, মোট পয়েন্ট মাত্র ৩।
শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিনিস্টার ঢাকা। যদিও এই ম্যাচেও বৃষ্টি হানা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
















