রেলওয়ে কর্মকর্তা আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে পুরোনো ভিত্তিহীন অভিযোগ পুনঃপ্রচারের তীব্র প্রতিবাদ

4

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক প্রকৌশলী মোঃ আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে পুরোনো, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ পুনরায় প্রচারের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া ফটোকার্ড তৈরি এবং তথ্য-প্রমাণহীন কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে এই অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

Advertisement

গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে প্রকৌশলী আনোয়ারুল ইসলাম জানান, ২০২৪ সালে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছিল। সে সময় যথাযথ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোতে তিনি আনুষ্ঠানিকভাবে এর তীব্র প্রতিবাদ জানান। প্রকৃত সত্য অনুধাবন করে বেশ কয়েকটি সংবাদমাধ্যম তখন তাদের প্রতিবেদনটি প্রত্যাহার করে নেয়। তবে সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল পূর্বের সেই প্রতিবাদ ও ব্যাখ্যা সম্পূর্ণ গোপন রেখে কিছু অনলাইন পোর্টাল এবং ফেসবুক পেজে পুরোনো সংবাদটিই ‘কপি-পেস্ট’ করে নতুনভাবে ছড়াচ্ছে।

উত্থাপিত অভিযোগগুলো খণ্ডন করে তিনি বলেন, “বাংলাদেশ রেলওয়েতে তীব্র কর্মকর্তা সংকটের কারণে সম্পূর্ণ প্রশাসনিক প্রয়োজনে আমাকে একাধিক পদের দায়িত্ব পালন করতে হয়েছে। এটি কোনোভাবেই আমার ব্যক্তিগত তদবির বা ইচ্ছার প্রতিফলন নয়।” এছাড়া সাবেক মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা, রাজনৈতিক ছত্রছায়ায় অনৈতিক সুবিধা গ্রহণ কিংবা মিষ্টি বিতরণের মতো অভিযোগগুলোও তিনি দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেন। তিনি স্পষ্ট জানান, এসব মনগড়া অভিযোগের সপক্ষে বিন্দুমাত্র প্রমাণ নেই।

দুর্নীতির অভিযোগের বিষয়ে এই কর্মকর্তা জানান, যথাযথ কর্তৃপক্ষের নিবিড় তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষায় তার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগেরই ন্যূনতম সত্যতা বা প্রমাণ পাওয়া যায়নি।

তিনি মনে করেন, যাচাই-বাছাইহীন এ ধরনের অপপ্রচার কেবল একজন সৎ সরকারি কর্মকর্তার ব্যক্তিগত সুনামই ক্ষুণ্ন করছে না; বরং বাংলাদেশ রেলওয়ের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করাসহ অন্যান্য কর্মকর্তাদের মনোবলও মারাত্মকভাবে ভেঙে দিচ্ছে।

প্রতিবাদলিপিতে তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সাংবাদিকতার নীতিমালা মেনে চলার আহ্বান জানান। যেকোনো সংবাদ প্রকাশের পূর্বে অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য প্রকাশের অনুরোধ করেন তিনি। পাশাপাশি, অপপ্রচারকারী ওই চক্রটিকে চিহ্নিত করে যথাযথ কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Advertisement