মাঠে না নেমেই শীর্ষস্থান পুনরুদ্ধার করল কুমিল্লা

509

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাটল ম্যাড়মেড়ে এক দিন। গত সাত মৌসুমে যা দেখা যায়নি, অষ্টম আসর দেখল সেই নজির। প্রথমবারের মত বিপিএলে ভেসে গেছে ম্যাচ। তাও একদিনে দুটি ম্যাচ!

Advertisement

আসরের ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স। বৃষ্টির কারণে সেই ম্যাচে কোনো বল মাঠে গড়ায়নি। তাই দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করা হয়। এতে কুমিল্লাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে বরিশাল।

তবে ঘণ্টা চারেকের ব্যবধানেই আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে কুমিল্লা। ইমরুল কায়েসের দলও অবশ্য মাঠে নামতে পারেনি। দিনের দ্বিতীয় ও আসরের ২০তম ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ ছিল মিনিস্টার ঢাকা। অসময়ের বৃষ্টিতে এই ম্যাচেও কোনো বল মাঠে গড়ায়নি। ম্যাচ অফিসিয়ালরা খেলা পরিত্যক্ত ঘোষণা করায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।

তাতে কুমিল্লা আবারও শীর্ষে উঠে এসেছে। ৬ ম্যাচে দলটির মোট পয়েন্ট এখন ৯। ৭ ম্যাচে সমান পয়েন্ট সাকিব আল হাসানের বরিশালেরও, তবে দলটি কুমিল্লার চেয়ে পিছিয়ে রান রেটের কারণে।

৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজাদের মিনিস্টার ঢাকা আছে টেবিলের তৃতীয় স্থানে। শীর্ষ চারে আরও আছে খুলনা টাইগার্স। চতুর্থ স্থানে থাকা মুশফিকুর রহিমের দল ৬ ম্যাচ খেলে পেয়েছে ৬ পয়েন্ট।

৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৬ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে সবার তলানিতে সিলেট সানরাইজার্স।

Advertisement