সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, ৬টি শিসা কাতুর্জ, ৯ টি রাউন্ড বুলেট, ১ টি টেডা, ১টি চাপাতি এবং ১ টি লোহার তৈরী কাঁটার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় জঙ্গল সলিমপুরের আলীনগরের বাহাদুর ঘোনার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজনকে সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় সীতাকুণ্ড মডেল থানায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার।
তিনি বলেন, জঙ্গল সলিমপুরের বিস্তৃত পাহাড়ি এলাকা, ঘন জঙ্গল ও দুর্গম যোগাযোগ ব্যাবস্থার কারণে সেখানে অভিযান পরিচালনা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য চ্যালেঞ্জিং। প্রতিকূল ভূপ্রকৃতি অতিক্রম করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যস্থল শনাক্ত করে সতর্কতা ও কৌশলের সঙ্গে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ রাসেল (৩০) তার বিরুদ্ধে পূর্বে তিনটি অস্ত্র মামলা রয়েছে, মোঃ মোরশেদ (৩৩) তার বিরুদ্ধে দুইটি ডাকাতি ও একটি অস্ত্র মামার হয়েছে, মোহাম্মদ বাবু (৩২) ও মোঃ সাব্বির (৩২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা জঙ্গল সলিমপুর এলাকায় বিভিন্ন ধরনের চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের সংশ্লিষ্টতা ও কর্মকাণ্ড সম্পর্কে আরো তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।
অভিযানের সময় পুলিশের ওপর গুলি চালানোর বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, পুলিশের ওপর সন্ত্রাসীদের গুলি চালানোর তথ্য সঠিক নয়। তবে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে অস্ত্র তাক করেছিল। পুলিশ কৌশল অবলম্বন করে তাদেরকে গ্রেপ্তারে সক্ষম হন।
প্রেস ব্রিফিংকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক রাসেল আহমেদ, সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম, সেকেন্ড অফিসার বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম, ফয়েজ আহমেদ এবং আহাদ আহমেদ।
















