সুইডেনকে বিদায় করে বিশ্বকাপে পোল্যান্ড

445

কে যাবে বিশ্বকাপে, এই কথার লড়াইটা ছিল দুই দলের দুই তারকাকে নিয়ে। কারও বাজি ছিল রবার্তো লেভানদোস্কির দিকে আবার কেউবা ইব্রাহিমোভিচকে নিয়ে। কিন্তু মাঠের খেলায় লেভানদোস্কিকে আটকাতে পারলো না ইব্রাহিমোভিচ। ইউরো অঞ্চলের প্লে-অফ ফাইনালে সুইডেনকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে পোল্যান্ড।

Advertisement

প্রথমার্ধে গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই রবার্তো লেভানদোস্কির গোলে এগিয়ে যাওয়ার পর পিওতর জিয়েলিনস্কিরে গোলে দারুণ জয় নিশ্চিত করে পোল্যান্ড। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করলো পোল্যান্ড।

ঘরের মাঠে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি লেভানদোস্কিরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পোল্যান্ডকে এগিয়ে নেন রবার্তো লেভানদস্কি। খানিক বাদেই সমতায় ফেরার সুযোগ অল্পের জন্য হাত ছাড়া হয় সুইডেনের। ৫৭ মিনিটে ফর্সবার্গের কোনাকুনি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক উইজেস সচেজনি।

৭২ মিনিটে পোল্যান্ডের ব্যবধান দ্বিগুণ করেন জিয়েলিনস্কি। সুইডিশ ডিফেন্ডার মার্কান দানিয়েলসন বল হারালে সেই বল পেয়ে যান জিয়েলিনস্কি। সেখান থেকে বল নিয়ে বক্সে ঢুকে জোরাল শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। দুই গোলে পিছিয়ে পড়ায় ৭৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইব্রাহিমোভিচ। তবে এতেও কাজ হয়নি। বাকি সময়ে আর ঘুরে দাড়াতে না পারায় বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয় সুইডেনের। সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল সুইডিশরা।

Advertisement