রান-বন্যার ম্যাচে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটের ব্যবধানে পরাজিত করে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান। আগে ব্যাট করে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৩৪৮ রান। জবাবে ইমাম-বাবরের শতকে এক ওভার হাতে রেখেই পাকিস্তান জয় পেয়েছে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথম ওভারেই শাহীন আফ্রিদি শিকার করেন অ্যারন ফিঞ্চকে। তবে দ্বিতীয় উইকেটেই ১৬২ রানের জুটি গড়েন ট্রেভিস হেড ও বেন ম্যাকডারমট। ৭০ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলা হেডকে শিকার করে এই জুটি ভাঙেন জাহিদ মাহমুদ।
তৃতীয় উইকেটে ৭৪ রানের জুটি আসে ম্যাকডারমট ও মারনাস লাবুশেনের ব্যাট থেকে। শতক হাঁকিয়ে ম্যাকডারমট বিদায় নিলে ভাঙে এই জুটি, তাকে শিকার করেন মোহাম্মদ ওয়াসিম। ১০৮ বলে ১০৪ রান করেন ম্যাকডারমট। তার উইলো থেকে আসে ১০টি চার ও চারটি ছক্কা। অর্ধশতক হাঁকান লাবুশেনও। ৪৯ বলে ৫৯ রান করেন তিনি।
মার্কাস স্টয়নিস ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন ইনিংসের শেষ ওভারে। ৩৩ বলের ইনিংসে স্টয়নিস হাঁকান পাঁচটি চার ও একটি ছক্কা। শেষ ওভারে শেন অ্যাবটকেও আউট করেন শাহীন। চারটি চারে ১৬ বলে ২৮ রান করেন অ্যাবট। নির্ধারিত ৫০ ওভারে আটটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৩৪৮ রান। শাহীন পান চারটি উইকেট।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন ফখর জামান ও ইমাম-উল-হক। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১১৮ রান। ৬৪ বলে ৬৭ রান করে স্টয়নিসের বলে বোল্ড হন ফখর। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও দুইটি ছক্কা। আরেক ওপেনার ইমাম টানা দ্বিতীয় শতক হাঁকান। ৯৭ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইমাম। তার ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা।
রান রেট পাকিস্তানের হাতের মুঠোই নিয়ে আসেন বাবর আজম। ৮৩ বলে ১১৪ রানের বিধ্বংসী শতক হাঁকান পাকিস্তান অধিনায়ক। পাকিস্তানের হাতের মুঠোই জয় রেখে বিদায় নেন বাবর। এই ডানহাতি ব্যাটারের উইলো থেকে আসে ১১টি চার ও একটি ছক্কা। বাবরের পরের ওভারেই বিদায় নেন রিজওয়ানও। রিজওয়ান করেন ২৬ বলে ২৩ রান।
তারপর পাকিস্তানকে একটু চিন্তায় ফেলে দেন খুশদিল শাহ। প্রথম সাত বলে মাত্র দুই রান তুলে পরিস্থিতি জমিয়ে তুলছিলেন খুশদিল। তবে তিনিও হাত খুলে খেলতে বেশি সময় নেননি। অ্যাবটের ওভারে একটি করে চার ও ছক্কা হাঁকানোর পর নাথান এলিসের ওভারেও টানা চার ও ছক্কা হাঁকান খুশদিল। এলিসের ওই ওভারের শেষ বলটিতে চার হাঁকিয়েই পাকিস্তানের জয় নিশ্চিত করেন খুশদিল।
এক ওভার হাতে রেখেই ছয় উইকেটের দাপুটে জয় পেল স্বাগতিক পাকিস্তান। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল বাবরের দল।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৩৪৮/৮ (৫০ ওভার)
ম্যাকডারমট ১০৪, হেড ৮৯, লাবুশেন ৫৯, স্টয়নিস ৪৯, অ্যাবট ২৮;
শাহীন ৪/৬৩, ওয়াসিম ২/৫৬।
পাকিস্তান ৩৫২/৪ (৪৯ ওভার)
বাবর ১১৪, ইমাম ১০৬, ফখর ৬৭;
স্টয়নিস ১/২৩।

















