রজতের বিধ্বংসী ব্যাটিংয়ে কোয়ালিফায়ারে ব্যাঙ্গালোর, লক্ষ্ণৌয়ের বিদায়

220

শুরুতে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছিলেন না রজত পতিদার। তবে টুর্নামেন্টের শেষদিকে এসে দল আস্থা রাখে তার ওপর। আর রজত সেই আস্থার প্রতিদান দিলেন অবিশ্বাস্য এক শতক হাঁকিয়ে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সেমিফাইনালের সমতুল্য দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করিয়ে।

Advertisement

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ১৪ রানের ব্যবধানে হারিয়েছে ব্যাঙ্গালোর। ফলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার মাঠে নামবেন ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলরাই।

কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৭ রানের পাহাড় দাঁড় করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দলের পক্ষে শতক হাঁকান রজত পতিদার।

যদিও প্রথম ওভারেই ফাফ ডু প্লেসির উইকেট হারিয়ে শুরুটা ভালো ছিল না ব্যাঙ্গালোরের। এরপর বিরাট কোহলিকে নিয়ে ৬৬ রানের পার্টনারশিপ গড়েন রজত। কোহলি এদিন খুব একটা ছন্দে ছিলেন না। ২৪ বলের মোকাবেলায় দুটি চারের সহায়তায় ২৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর গ্লেন ম্যাক্সওয়েল ফেরেন এক অঙ্কে থাকতে, ৯ রান করে। ৯ বলে ১৪ রান করে বিদায় নেন মহিপাল লোমরোর। দীনেশ কার্তিক শেষদিকে চড়াও হন, সাথে রজতের মারকুটে ব্যাটিং তো ছিলই। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে কোহলিদের সংগ্রহ দাঁড়ায় ২০৭ রান।

ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পাওয়া রজত মাত্র ৫৪ বলে ১১২ রান করে অপরাজিত থাকেন। তার বিধ্বংসী ইনিংসে ছিল ১২টি চার ও ৭টি ছক্কা। ২৩ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন কার্তিক। লক্ষ্ণৌয়ের পক্ষে একটি করে উইকেট শিকার করেন মহসিন খান, ক্রুনাল পান্ডিয়া, আভেশ খান ও রবি বিষ্ণই।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে কুইন্টন ডি কককে হারিয়ে ধাক্কা খায় লক্ষ্ণৌ। ১১ বলে ১৯ রান করে মনন বোহরাও ফেরেন সাজঘরে। তবে দীপক হুদাকে নিয়ে অধিনায়ক লোকেশ রাহুল চেষ্টা চালিয়ে যান। দীপক ২৬ বলে ৪৫ রান করে বিদায় নিলে ভাঙে তৃতীয় উইকেটে গড়া দুজনের ৯৬ রানের জুটি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লক্ষ্ণৌ। জশ হ্যাজলউডের করা ১৯তম ওভারে বিদায় নেন রাহুলও। তার আগে ৫৮ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৭৯ রান করেন তিনি। ছন্দ হারিয়ে ফেলা লক্ষ্ণৌ শেষপর্যন্ত জয় থেকে ১৫ রান দূরে থেকে ইনিংস শেষ করে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে রাহুলদের সংগ্রহ দাঁড়ায় ১৯৩ রান। ব্যাঙ্গালোরের পক্ষে হ্যাজলউড একাই শিকার করেন তিনটি উইকেট।

এই পরাজয়ে আইপিএল থেকে ছিটকে পড়েছে লক্ষ্ণৌ। অন্যদিকে ব্যাঙ্গালোর জায়গা করে নিয়েছে কোয়ালিফায়ারে। ২৭ মে ফাইনালে ওঠার লড়াইয়ে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবেন কোহলিরা। এদিকে প্রথম কোয়ালিফায়ার জিতে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স।

Advertisement