পতেঙ্গায় প্রাইম মুভার-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ২

198

চট্টগ্রামের পতেঙ্গায় প্রাইম মুভার ও প্রাইভেট কারের সংঘর্ষে দুই জনের প্রাণ গেছে।

Advertisement

সোমবার বিকালে পতেঙ্গার মেরিন ড্রাইভ সড়কের ওয়াই জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতদের মধ্যে মো. নাসির (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও কামাল হোসেন (৪৫) বেসরকারি একটি হাসপাতালে মারা যান। তাদের বাড়ি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী) এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, পতেঙ্গা থেকে সীতাকুণ্ডগামী প্রাইভেট কারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইম মুভারের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

“দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কার থেকে চার জনকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতলে পাঠায়। দুর্ঘটনার পর প্রাইম মুভারটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।”

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, আহত ইসমাইল হোসেন (৬৫) চট্টগ্রাম মেডিকেলের ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

অন্যজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার নাম জানাতে পারেনি পুলিশ।

Advertisement