আ. লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

149

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সম্মেলন মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী।

Advertisement

এদিন সকাল ৭টায় সম্মেলনে ঢোকার গেট খুলে দেওয়া হয়। এরপর সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন নেতাকর্মীরা। কাউন্সিলর ও ডেলিগেটরা ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও কালীমন্দির গেট দিয়ে প্রবেশ করছেন।

জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসন নেবেন। এরপর আধাঘণ্টা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। পরে শোকপ্রস্তাব উত্থাপন করবেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এ ছাড়া সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করবেন ওবায়দুল কাদের। পাশাপাশি স্বাগত বক্তব্য দেবেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম। সবশেষ সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হবে।

পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হবে কাউন্সিল অধিবেশন। এই অধিবেশনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। এ লক্ষ্যে দলের নেতৃত্ব নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।

Advertisement