চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসবে প্রাণে প্রাণ মিলে এটি সকল সনাতনীর মিলনমেলায় পরিণত হয়। যুগ যুগ ধরে বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করছে। যে কোনো ধর্মীয় উৎসব জাতি-রাষ্ট্রে সব মানুষের মিলনক্ষেত্র। বিএনপি আবহমানকালের দেশীয় চেতনা ও ঐতিহ্যের ধারায় ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করে। বিগত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সনাতন সম্প্রদায় ধানের শীষে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করেছেন। তারই স্বীকৃতি দিতে সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে আগামী ২০ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে জে এম সেন হল প্রাঙ্গণে আসছেন। চট্টগ্রামবাসী হিসেবে আমরা আনন্দিত।
তিনি আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আবুল হাশেম বক্কর আরও বলেন, আমরা সবাই বাংলাদেশি, এটিই আমাদের গর্ব, এটিই আমাদের একমাত্র পরিচয়। সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি। ঐতিহাসিক কাল থেকে এদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। এবারও এর ব্যতিক্রম হবে না। উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ মাঠে থাকবে।
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে সনাতনী ভাইবোনদের পাশে ছিল। অতীতে যেভাবে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে, সেভাবে এ বছরও হবে। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী বিএনপি সকল ধর্মের মানুষের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বিএনপি সনাতনীদের পাশে ছিল, আগামীতেও থাকবে। তিনি সকল সনাতনীকে আসন্ন শারদীয় দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানান।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জি’র সভাপতিত্বে ও শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব দে পার্থ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সহ-সভাপতি শ্রী লায়ন তপন দাশ, শ্রী আশুতোষ দাশ, মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ, সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী রাজিব ধর তমাল, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, বেসরকারি কারা পরিদর্শক শ্রী উজ্জ্বল বরণ বিশ্বাস, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক শ্রী সুজন দাশ, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক শ্রী সুমন ঘোষ বাদশা, বাংলাদেশ পূজা কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শ্রী বাবুল কুমার নাথ, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের সভাপতি শ্রী বিপ্লব চৌধুরী বিল্লু, সাধারণ সম্পাদক সুকান্ত মজুমদার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রী রাজু দাশ বাবু প্রমুখ।

















