বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

167

চট্টগ্রাম মহানগরীর চকবাজার নিবাসী ও চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন (৭৬) গতকাল ১১ মে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

Advertisement

একইদিন বাদে আছর কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে চকবাজার থানা পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম আজমল হোসেনকে গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন পুলিশ।

এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের অধীর বীর মুক্তিযোদ্ধাগণ। পরে সেখানকার কবরস্থানে মরহুমের মরদেহ রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

জানাযায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুবলীগ নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
উল্লেখ্য যে, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন মরহুম বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন।

শোক প্রকাশ ঃ বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু ও সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরানসহ নেতৃবৃন্দ।

Advertisement