সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাস উল্টে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
আজ বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আনোয়ারা জুট মিলস গেট এলকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন, রোজি আক্তার (৬৫) ও নাজমা খাতুন (৪৫)। তারা দুইজন মা মেয়ে বলে জানা গেছে। আহত বাকী চার জনের নাম জানা যায়নি। তাদের বাড়ি ঢাকার মোহাম্মদপুর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে সজোরে ধাক্কা লাগে। এ সময় স্থানীয়রা এবং পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার দুইজন নারীকে মৃত্যু ঘোষণা করেন।
বারআউলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল বলেন, সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস বাড়বকুন্ড আনোয়ারা গেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে। এতে দুইজন নিহত হন। আহত হন আরো চারজন। তারা পরিবারের লোকজন ঢাকা থেকে মাইক্রোবাসে করে বান্দরবান যাচ্ছিলেন। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

















