বিএনপির সমাবেশে যাওয়ার পথে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, আটক ৫

160

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে যুবদলের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মহানগরীর জামালখান এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছেন বিএনপির কিছু নেতাকর্মী। বুধবার (১৪ জুন) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ছাত্রদল-যুবদলের পাঁচজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

Advertisement

আটকরা হলেন- বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনীর মৃত ইউসুফ সিদ্দিকীর ছেলে মো. মাহবুব সিদ্দিকী (৩৫), বাকলিয়া থানার ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের ওমরা মিয়া সওদাগরের বাড়ির মৃত নুরুল আবছারের ছেলে মো. এরফান (৩০), একই ওয়ার্ডের ইয়াকুব আলী মেম্বারের বাড়ির মৃত আবুল হাশেমের ছেলে নুরুল ইসলাম ওরফে মাসুম (৩৯), একই ওয়ার্ডের ওয়াইজর পাড়ার হাফেজ আহম্মেদ সওদাগর বাড়ির মো. ইউনুসের ছেলে মো. মহিউদ্দিন হাসান ইমন (২০) ও চান্দগাঁও থানার কালুরঘাট ওসমানি পুলের গোড়া এলাকার মো. আইয়ুব খানের ছেলে মো. ইমন খান (২০)।

তারা সবাই ছাত্রদল-যুবদলের নেতাকর্মী বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

তিনি বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় পাঁচজনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, কাজীর দেউড়িতে যুবদলের ‘তারুণ্যের সমাবেশে’ যোগ দিতে চান্দগাঁও ও বাকলিয়া এলাকার বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল করে আসার পথে পৌনে ৩টার দিকে চকবাজার থানার চট্টগ্রাম কলেজের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে। পরে বিএনপি নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে জামালখান মোড়ে এসে সোয়া ৩টার দিকে জামালখান সড়কের বিভিন্ন দেয়ালে আঁকা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সংবলিত ৪০টি ট্যাম্পার্ড, গ্লাস, ম্যুরাল, নৌকা প্রতীক ভাঙচুর করে। এরপর তারা কাজীর দেউড়ির দিকে অগ্রসর হয়। পরে আসকারদিঘী সংলগ্ন আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের কাচের নামফলক, সিসি ক্যামেরা, মানবতার দেয়াল ভাঙচুর করে।

Advertisement