জেএমসেন হলে জন্মাষ্টমী উপলক্ষে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণের নির্দেশনা

148

চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লাস্থ জেএম সেন হলে আগামীকাল ৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ৯ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত ৫ দিনব্যাপী সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসবের বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

Advertisement

উৎসবের অংশ হিসেবে আগামী ৬ সেপ্টেম্বর বুধবার শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্টমী উৎসবের ঐতিহাসিক বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হবে। উক্ত মহাশোভাযাত্রা ও অনুষ্ঠিতব্য ধর্মীয় অনুষ্ঠান চলাকালে আগত দর্শনার্থীদের সুষ্ঠু ও নির্বিঘ্ন যাতায়াতের জন্য জন্য নিম্নলিখিত স্থান ও রাস্তাসমূহে সকল প্রকার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

আজ ৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন এ নির্দেশনা দেন।

কে.বি আবদুস সাত্তার রোড কেন্দ্রিক : নগরীর আন্দরকিল্লা (মোমিন রোড) কে.বি আবদুস সাত্তার রোডের প্রবেশ মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে কে.বি আবদুস সাত্তার রোড দিয়ে আগামীকাল ৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ৯ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত জে.এম সেন হলে অনুষ্ঠিতব্য মহাশোভাযাত্রা ও ধর্মীয় উৎসব চলাকালীন সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

গণি বেকারী কেন্দ্রিক : নগরীর গণি বেকারী মোড় থেকে জে.এম সেন হলমুখী ও দারুল উলুম রোডের সংযোগস্থলে কে.বি আবদুস সাত্তার রোড মুখে (গুডস্ হিলের সামনে) রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে কে.বি আবদুস সাত্তার রোড দিয়ে আগামীকাল ৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ৯ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত জে.এম সেন হলে অনুষ্ঠিতব্য মহাশোভাযাত্রা ও ধর্মীয় উৎসব চলাকালীন সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

মহাশোভাযাত্রা চলাকালীন যানবাহন নিয়ন্ত্রণ : নগরীর আন্দরকিল্লাস্থ জে.এম সেন হলে আগামী ৬ সেপ্টেম্বর বুধবার সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিতব্য মহাশোভাযাত্রায় আগত দর্শনার্থীদের বহনকারী ট্রাকসহ অন্যান্য গাড়িসমেত মহাশোভাযাত্রা জে.এম সেন হল থেকে আন্দরকিল্লা মোড়-বক্সিরহাট মোড়-লালদীঘির পাড়-কোতোয়ালী মোড়-নিউ মার্কেট-আমতল-রাইফেল ক্লাব-বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা)-বৌদ্ধ মন্দির-মোমিন রোড-চেরাগী পাহাড় হয়ে জে.এম সেন হলে এসে শেষ হবে। উল্লেখিত রোডসমূহে ধর্মীয় বর্ণাঢ্য মহাশোভাযাত্রা চলাকালীন সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

পার্কিং ব্যবস্থাপনাঃ জে.এম সেন হলে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্টমী উৎসব উপলক্ষে অনুষ্ঠিতব্য মহাশোভাযাত্রায় আগত পূন্যার্থীদের বহনকারী যানবাহনসমূহ নগরীর সিআরবি সাত রাস্তার মাথায় ও আউটার স্টেডিয়াম (এম.এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম সংলগ্ন)-এ পার্কিং করবে।

শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ধর্মীয় মহাশোভাযাত্রায় সুষ্ঠু চলাচল নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় উৎসব যথাযথভাবে উদযাপনের স্বার্থে উল্লেখিত নির্দেশনাসমূহ সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সকলকে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। শুভ জম্মাষ্টমী উৎসব সুষ্ঠু সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার নিমিত্তে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

Advertisement