চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আজ ১৮ অক্টোবর বুধবার সকালে হাসপাতালে বর্ণাঢ্য কর্মসূচীর আয়োজন করা হয়।
কর্মসূচীর মধ্যে ছিল-হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু ওয়ার্ড সুসজ্জিতকরণ, কেক কেটে জন্মদিন পালন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিশু রোগীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ।
এর পর দিবসটি উপলক্ষে হাসপাতালের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট, আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, নার্সেস কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, জন্মদিন আনন্দের হলেও এ জন্মদিনে বেদনার ভারটা অনেক বেশি। কেননা শেখ রাসেলকে যখন হত্যা করা হয় তখন তিনি ক্লাস ফোরের একজন ছাত্র ছিলেন। জীবনটাকে উপভোগ করার সময়ও পাননি। আজকে শেখ রাসেল দিবসে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হযে, যার যার অবস্থান থেকে সবাই একসাথে কাজ করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব।

















