চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৪১ জনের দেহে। এদের মধ্যে ৪৫২ জন নগরীর ও ৮৯ জন বিভিন্ন উপজেলার।
সোমবার (১২ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ২৬০৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২২৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪৪ হাজার ৮৬০ জন। এর মধ্যে নগরে ৩৬০০৩ জন এবং উপজেলা পর্যায়ে ৮৮৭৭ জন।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৯৭টি নমুনা পরীক্ষা করে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৫৯টি নমুনা পরীক্ষা করা হয়, এতে শনাক্ত হয় ৭৯ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৩৮টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৮৯টি নমুনা পরীক্ষা করে ৯৫ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩২১টি নমুনা পরীক্ষা করে ১০৩ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৩২টি নমুনা পরীক্ষা করে ৮৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাব ৫১টি নমুনা পরীক্ষা করে ২৩ জন করোনা শনাক্ত হয়েছে।
এদিন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৬টি নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি। এছাড়া, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৪৩০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৩১৩ এবং উপজেলায় ১১৭ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৪ হাজার ৮৭৭ জন।
















