বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজারে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও লেবুর শরবত বিতরণ করেছে ছাত্রদল।
রোববার (৫ মে) সমুদ্র নগরীর বিভিন্ন ব্যস্ততম স্থানে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
বাংলাদেশ বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর সহ সাধারণ সম্পাদক সিফাতুজ্জামান নিলয়ের উদ্যোগে তীব্র তাপদাহে বিপর্যস্ত শ্রমজীবী, কর্মজীবী ও পথচারী জন সাধারনের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও লেবুর শরবত বিতরণ করা হয়েছে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নিলয় বলেন, দেশ এখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। ডামি সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকা। অপরিকল্পিত নগরায়ণের মাধ্যমে গাছপালা বন জঙ্গল উজাড় করে, নদী নালা ভরাট করে এবং তাপবিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে। আজকে দেশের শত শত নদী দখল হয়ে গেছে। ক্ষমতাসীনরা বৃক্ষ নিধন করেছে ফলে দেশের পরিবেশ আজ ধ্বংসের মুখে। আওয়ামীলীগের পাহাড়খেকো নেতারা দেশের বিভিন্ন স্থানে পাহাড় খেয়ে শেষ করে ফেলেছে। নদী খাল বিল দখল করে ভরাট করেছে। ভূমিদস্যুরা নদী দখল করে রেখেছে। অন্যায়ভাবে গাছ কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু সরকার এসব ব্যাপারে নির্বিকার। তাই পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে নদী খাল বিল পাহাড় রক্ষায় দেশবাসীকে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণের মাধ্যমে ব্যাপক হারে বৃক্ষ নিধন করা হচ্ছে। সরকারি দলের প্রভাবশালীদের লোভের শিকার হয়ে একে একে পাহাড় নিশ্চিহ্ন হয়েছে। বর্ষাকালে পাহাড় ধ্বসে প্রতিবছর ঘটছে প্রাণহানির ঘটনাও। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধি, ব্যাপকহারে বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচি গ্রহণ এবং পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নেয়া না হলে এই অভিশাপ থেকে আমরা সহজে পরিত্রাণ পাব না। আমরা আমাদের অবস্থান থেকে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
















